সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: বর্তমান বিএনপি সরকার ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে লুঙ্গি ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মমতাজ আলো এমপি বলেন, “অবহেলিত গাইবান্ধা জেলার উন্নয়নে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী দেশের সব এলাকার সুষম উন্নয়নে বিশ্বাসী। উন্নয়নের সুফল যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ সমানভাবে ভোগ করতে পারেন, সে লক্ষ্যে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আসুন, আমরা সবাই মিলে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে এলাকার উন্নয়নে এগিয়ে আসি।”
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নিরাপদে নিজ নিজ ধর্ম পালনের পরিবেশ নিশ্চিত করা একটি দায়িত্বশীল সরকারের গুরুত্বপূর্ণ কর্তব্য। এ ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহযোগিতার কোনো বিকল্প নেই।
সাঘাটা উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মাইনুল হাসান সাদিক।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্যসচিব সেলিম আহমেদ তুলিপ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবু, মোস্তাক আহম্মেদ মিলন, জসিউল করিম পলাশ, ওমর আলী শেখ, স্বপন শেখ, জিল্লুর রহমান, আতিকুর রহমান আতিক, আহম্মেদ কবির শাহীন, শহিদুল ইসলাম বাদলসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে লুঙ্গি ও চাল বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল