স্টাফ রিপোর্টারঃ টানা কয়েক দিনের ভারী বর্ষণে বগুড়ার সোনাতলা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ধস ও ভাঙনের সৃষ্টি হয়েছে। কোথাও রাস্তার পাশের মাটি সরে গেছে, আবার কোথাও পুরো সড়কই ডেবে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে চরাঞ্চলের বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালুয়াহাট-সৈয়দ আহম্মদ কলেজ সড়কের মহিচরণ সংলগ্ন কয়েকটি স্থানে ভারী বৃষ্টির কারণে রাস্তার নিচের মাটি সরে গিয়ে সড়ক ডেবে গেছে। ফলে ওই সড়কে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এদিকে পাকুল্লা বাজার সংলগ্ন ওয়াপদা বাঁধের নিচ দিয়ে বাজারে প্রবেশের পাকা সড়ক ধসে পড়ায় সেখানে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কয়েকদিনের টানা বর্ষণের কারণে সড়কটি ভেঙে গেছে। এতে বাজারে যেতে দীর্ঘ পথ ঘুরে আসতে হচ্ছে। বিশেষ করে চরাঞ্চলের মানুষদের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে গেছে।
এছাড়াও উপজেলার আরও কয়েকটি এলাকায় পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় জনসাধারণের স্বাভাবিক চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অফিস সুত্রে জানাগেছে, টানা বর্ষণ ও গতকালের ভারী বৃষ্টিতে উপজেলার বিভিন্ন সড়কের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানগুলো চিহ্নিত করে জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে লোকবল নিয়োগ করা হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করা হবে বলে তিনি আশ্বাস দেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল