সাব্বির হাসান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে ৩৯টি ককটেল উদ্ধার করে নিস্ক্রিয় করলো যৌথ বাহিনী। ৪নভেম্বর মঙ্গলবার সকালে নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামের জনৈক মাদক ব্যবসায়ী মুক্তার হোসেনের বসতবাড়ীর বাক্স থেকে ওই ককটেলগুলো উদ্ধার করা হয়। এরআগে গত ২নভেম্বর ওই বাড়ীতে ককটেল তৈরীকালে বিস্ফোরণে একজন আহত হয়। উদ্ধার করা হয় ৫টি ককটেল ও কিছু বিস্ফোরকের আলামত।
জানা গেছে, ২নভেম্বর রোববার বেলা সাড়ে ১১টায় গাবতলীর নশিপুর ইউনিয়নের ছোট্ট ইটালি গ্রামের মুঞ্জু হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মুক্তার হোসেনের বাড়ীতে ককটেল তৈরীকালে বিস্ফোরণে আতাউর রহমান সেলিম (৩৫) নামের কুমিল্লার এক ককটেল তৈরীর কারিগর গুরুতর আহত হন। আহত সেলিম কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদচর গ্রামের মোঃ বাদশা মিয়ার ছিলেন। পুলিশ খবর পেয়ে আহত সেলিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেলিম বর্তমানে পুলিশের প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন। মুক্তার হোসেনের স্ত্রী নাছিমা মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। পরে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও ডিবির লোকজন তল্লাশী চালিয়ে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ৫টি ককটেল ও কিছু বিস্ফোরকের আলামত উদ্ধার করে। এ ঘটনায় ৩ নভেম্বর থানায় মামলা হলে বাগবাড়ীর ফাঁড়ীর এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা আরাফাত গত সোমবার বিকেলে মুক্তার হোসেনের বাড়ীতে যান। সেখানে ঘরের ভিতরে একটি বাক্স তালাবদ্ধ দেখতে পেলে তার সন্দেহ হয়। পরে বাক্সের তালা ভাঙ্গলে তিনটি ব্যাগে অনেকগুলো ককটেল দেখতে পাওয়া যায়।
বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানালে তাদের পরামর্শে সারারাত বাক্সটি পুলিশী প্রহরায় রাখা হয়। গতকাল সকালে বগুড়া ও সারিয়াকান্দীর সেনাবাহিনীর বিশেষ একটি টিম ঘটনাস্থলে গিয়ে ৩৯টি ককটেল উদ্ধার করে পার্শ্ববর্তী নদীর পাড়ে নিস্ক্রিয় করে।
এ ব্যাপারে মডেল থানার ওসি সেরাজুল হক বলেন, গত ২নভেম্বরে গাবতলীর ছোট ইটালী গ্রামের জনৈক মুক্তার হোসেনের বসতবাড়ীতে ককটেল বানানোর সময় কুমিল্লার সেলিম নামের এক ব্যক্তি আহত হন। এ সময় ৫টি তাজা ককটেল ও ককটেল তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ৪নভেম্বর মঙ্গলবার সকালে দ্বিতীয় দফায় আরও ৩৯টি তাজা ককটেল উদ্ধার করে নিস্ক্রিয় করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল