মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত) ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী-এর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) হিসেবে নিয়োগ পেয়েছেন আরিফুর রহমান (তুষার)। বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন অধিশাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিয়োগের বিস্তারিত
সরকারি অফিস আদেশ অনুযায়ী, আরিফুর রহমান তুষার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সরকারি বিধি মোতাবেক বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং সংশ্লিষ্ট উপদেষ্টার সন্তুষ্টি সাপেক্ষে এই পদে বহাল থাকবেন। জানা গেছে, তুষার বৃহস্পতিবারই তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
উল্লেখ্য, একই আদেশে রুহুল কবির রিজভীর জন্য আরও দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন— ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে মশিউর রহমান এবং জমাদার হিসেবে মহেদ আলী।
পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও
আরিফুর রহমান তুষারের এই সাফল্যে তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন তার আপন বড় ভাই এবং বগুড়া সোনাতলার সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি তাঞ্জারুল হক তুহিন। এক বিবৃতিতে তিনি মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে বলেন, আমাদের পরিবারের পক্ষ থেকে স্নেহের ছোট ভাই মোঃ আরিফুর রহমান তুষারকে আন্তরিক অভিনন্দন জানাই। সে বিএনপির দুঃসময়ের একজন সাহসী কাণ্ডারি হিসেবে দীর্ঘদিন নিষ্ঠা ও সততার সাথে কাজ করেছে। বিশেষ করে দলের কঠিন সময়ে পল্টন কার্যালয়ে আলো জ্বালিয়ে রেখে সে যে সাহস ও নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছে, তা আজ যোগ্যতার স্বীকৃতি পেয়েছে।
তিনি আরও বলেন, অসংখ্য জেল-জুলুম ও নির্যাতনের মধ্যেও তুষার ছিল অবিচল ও আপসহীন। তার এই অর্জন আমাদের পরিবারের জন্য অত্যন্ত গর্বের। আমি দোয়া করি, সে যেন ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সোনাতলা এলাকা, বগুড়াবাসী এবং দেশ ও দলের জন্য অনন্য ভূমিকা রাখতে পারে।"
বিবৃতিতে তাঞ্জারুল হক তুহিন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং জনাব রুহুল কবির রিজভী-এর প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, তাদের আস্থা ও দিকনির্দেশনা তুষারের এই অর্জনে বড় প্রেরণা হিসেবে কাজ করেছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল