নিজস্ব প্রতিবেদক, সোনাতলা (বগুড়া) | ২৯ জানুয়ারি, ২০২৬ বগুড়ার সোনাতলা উপজেলার শিহিপুরে অবস্থিত আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ‘পিঠা উৎসব ও বনভোজন-২০২৬’। শীতের সকালে বাহারি পিঠার ঘ্রাণ আর শিক্ষার্থীদের কলকাকলিতে স্কুল প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।
বৃহস্পতিবার সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সৈয়দ আহম্মদ কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি এবং দেশীয় সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে এ ধরনের আয়োজন প্রশংসার দাবি রাখে।
উৎসবে অত্র প্রতিষ্ঠানের ম্যাডাম ও শিক্ষার্থীর অভিভাবকদের স্টল সাজিয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ভাপা, চিতই, পাটিসাপটাসহ হরেক রকমের পিঠা প্রদর্শন করে। পড়াশোনার একঘেয়েমি কাটাতে বনভোজনের আয়োজনটি ছিল শিক্ষার্থীদের জন্য অন্যতম প্রধান আকর্ষণ। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
পিঠা উৎসব শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ। পুরস্কার বিতরণী শেষে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মাঝে বনভোজনের বিশেষ খাবার পরিবেশন করা হয়।
উৎসব নিয়ে অভিভাবকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ। ১ম শ্রেণির শিক্ষার্থী খাতুনে জান্নাতের অভিভাবক মোছাঃ মৌসুমী আক্তার মিম বলেন বাচ্চারা তো এখনকার দিনে ফাস্টফুড ছাড়া কিছু বোঝে না। কিন্তু আজ তারা নিজেরাই পিঠা চিনছে, নাম জানছে। স্কুলের এমন উদ্যোগে আমরা সত্যিই অনেক খুশি। পিকনিক আর পিঠা উৎসব একসাথে এটা আমাদের শিশুদের জন্য বড় একটা পাওনা। পড়াশোনার চাপে ওরা হাঁপিয়ে ওঠে, আজকের এই দিনটি ওদের অনেকদিন মনে থাকবে। ধন্যবাদ স্কুল কর্তৃপক্ষকে।
পিঠার স্বাদ, সাজসজ্জা এবং সৃজনশীলতার ওপর ভিত্তি করে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের পর শুরু হয় বনভোজনের আনন্দ। শিক্ষক, শিক্ষার্থী মিলে একসঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন, যা এক অনন্য ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে।
আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ হাবিবুর রহমান জানান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিনোদন এবং দেশীয় কৃষ্টি-কালচারের সাথে পরিচয় করিয়ে দিতেই এই বাৎসরিক আয়োজন। আগামীতেও এমন উৎসব অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল