প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৮:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৬, ২:২৭ পি.এম
অবশেষে আদমদীঘিতে অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে জরিমানা

উল্লেখ্য, বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার–তিলোকপুর আঞ্চলিক সড়কের পাশে দীর্ঘ কয়েক বছর ধরে প্রকাশ্যে পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালিত হচ্ছে আরোয়া, বাবলু ও ডিজিএমসহ পাঁচটি ইটভাটা। সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ ও ফসলি জমির একেবারে সন্নিকটে এসব ভাটা স্থাপন ও পরিচালনা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মেসার্স আরোয়ার স্বত্বাধিকারী আলহাজ্ব আলজাহারুল ইসলাম সাজ্জাদ, মেসার্স ডিজিএম ব্রিকসের স্বত্বাধিকারী, মেসার্স ডলার ব্রিকসের স্বত্বাধিকারী ডলার মাহমুদ এবং মেসার্স এন অ্যান্ড এস ব্রিকসের স্বত্বাধিকারী ওয়াহেদ আহম্মেদ ডাবলু। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং গোপনে বিভিন্ন দপ্তর ‘ম্যানেজ’ করে তারা দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে নিশ্চিত হওয়া গেছে, সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কোনো বৈধ অনুমোদন, লাইসেন্স কিংবা পরিবেশগত ছাড়পত্র নেই। অর্থাৎ পরিবেশ সংরক্ষণ আইনকে প্রকাশ্যে উপেক্ষা করেই চলছে এসব ভাটার কার্যক্রম। ইটভাটা থেকে নির্গত ঘন ও বিষাক্ত ধোঁয়ায় মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে আশপাশের পরিবেশ। শুধু তাই নয় ধোঁয়ার কারণে পথচারীদের চোখে তীব্র জ্বালা-পোড়া, শ্বাসকষ্টসহ নানা জটিল রোগ দেখা দিচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। ফলে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা কার্যত জিম্মি হয়ে পড়েছে। এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গত ৯ ফেব্রুয়ারি বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের ১ মাস পর আজ বুধবার প্রশাসনের উদ্যোগে ওইসব ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে পরিচালিত ভাটাগুলোকে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আইন মেনে চলার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল